ভারতের বিরুদ্ধে ১০০% শুল্কের বিলে ট্রাম্পের স্বাক্ষর

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ভারতের উপর চাইলেই এ বার ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। শুক্রবার সেই সংক্রান্ত একটি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত নয়, এই বিলে সই করার ফলে সমস্যায় পড়তে পারে চীন, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিস্তানের মতো দেশগুলিও। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে নতুন বিল আনল আমেরিকা। বর্তমানে ভারতের পণ্যের উপর আমেরিকার শুল্কের পরিমাণ ১২ শতাংশের কাছাকাছি। ট্রাম্প বিলে সই করেছেন মানে এই নয় যে, এখন থেকে ভারতের পণ্যে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই আইন আমেরিকার প্রেসিডেন্টকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করছে। তিনি চাইলে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বিলটির নাম ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’। আগেই মার্কিন কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হয়। অপেক্ষা ছিল শুধু ট্রাম্পের সইয়ের। শুক্রবার (স্থানীয় সময়) মার্কিন প্রেসিডেন্টের সইয়ের ফলে সেই বিল আইনে পরিণত হল। এই আইনে তাই রাশিয়ার সহযোগী দেশগুলিকে নিশানা করা হয়েছে। রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা নির্দিষ্ট দেশগুলির পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। নতুন আইনে রাশিয়ার উপর ৫০০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। তা ছাড়া, এই আইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের উপর বিধিনিষেধের কথাও বলা হয়েছে। রাশিয়াকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দিয়ে আমেরিকা এই আইনের মাধ্যমে ইউক্রেনে শান্তি ফেরাতে তৎপর।

ভারত সরকার জানিয়েছে, আমেরিকায় বিল পাসের দিকে তারা নজর রেখেছে। তবে ওয়াশিংটনের চাপে নতিস্বীকার করে মস্কো থেকে তেল কেনা ভারত বন্ধ করবে না বলেও বার্তা দিয়েছে ভারত।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধমারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান