৩২ বছর পর অবশেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী আবাসিক প্রকল্পে পানি সরবরাহ করার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে এই আবাসিক এলাকায় পানি সরবরাহ করতে পাইপলাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ১৯৯৪ সালে সিডিএ কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেকে ৫১.৬৭ একর জায়গায় গড়ে তোলা কর্ণফুলী আবাসিক এলাকা পানির অভাবে প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল। আবাসিক এলাকাটির ৫১৯টি প্লটে দীর্ঘ ত্রিশ বছর ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। প্লট মালিকদের পক্ষ থেকে দফায় দফায় পানি সরবরাহ করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও সিডিএর পক্ষে তা সম্ভব হয়নি। এক্ষেত্রে বড় সমস্যা ছিল প্রকল্পের অর্থায়ন। প্রকল্পটি সম্পন্ন হয়ে গেছে অনেক বছর আগে। এখন ওই প্রকল্পের জন্য আবার নতুন করে অর্থ বরাদ্দ করে পানির সংস্থান করা সিডিএর পক্ষে সম্ভব হয়নি।
সিডিএর বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিমকে দায়িত্ব দেওয়ার পর আবাসিক এলাকাটির প্লট মালিকেরা আবার যোগাযোগ করেন। সিডিএ চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়, সম্পন্ন হয়ে যাওয়া প্রকল্পের ব্যাপারে নতুন করে টাকা খরচ করার সুযোগ সিডিএর নেই। এক্ষেত্রে ৫১৯টি প্লটের মালিকের কাছ থেকে কাঠাপ্রতি একটি হার নির্ধারণ করে টাকার সংস্থান করা গেলে ওয়াসা থেকে পানি আনার ব্যবস্থা করা হবে। ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প থেকে কর্ণফুলী নদীর বাম তীরে শিকলবাহা, চরপাথরঘাটা, রাঙ্গাদিয়া, বড় উঠান, চরলক্ষ্যায় ২৯০০ একর বিশিষ্ট কোরিয়ান ইপিজেড, দুটি বৃহত্তম সার কারখানা, কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল মিল এবং ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন মিল, শিল্প কারখানা ও তার আশেপাশের জনবসতিতে ওয়াসা পানি সরবরাহ করেছে। এতে করে সিডিএ কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দারাও আশাবাদী হন। পরে সিডিএ, চট্টগ্রাম ওয়াসা এবং প্লট মালিক সমিতি দফায় দফায় বৈঠক ও আলোচনা করে ঐকমত্যে পৌঁছায়, সিডিএ প্রকল্প বাস্তবায়নের খরচ ওয়াসাকে প্রদান করবে। সিডিএর ফান্ড থেকে এককালীন দেওয়া প্রায় ৭ কোটি টাকা প্লট মালিকেরা কাঠাপ্রতি হারে প্রদান করেন। এতে সিডিএর টাকা সিডিএ বুঝে নেবে।
গতকাল দুপুরে প্রকল্প এলাকায় পাইপলাইন স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ওয়াসা, সিডিএ এবং প্লট মালিক সমিতির নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখনো যেসব প্লট মালিক সমিতির সদস্য পদ গ্রহণপূর্বক পানি সংযোগ ফি সিডিএতে জমা করেননি তাদেরকে দ্রুত তা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন প্লট মালিক সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।









