ভাঙা বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু

রাঙামাটি-বান্দরবান সড়ক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়ায় ভেঙে যাওয়া বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু করেছে বান্দরবান সড়ক জনপদ বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে এ কাজ শুরু হয়। বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ও তথ্যমন্ত্রীর ভাই এরশাদ মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে ভাঙা ব্রিজটির পাশে একটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। এ বিকল্প সড়কে দিয়ে সকাল থেকে হালকা যানবাহন চলাচল করছে।
স্থানীয় মো. কুদ্দুস বলেন, বেশ কয়েক বছর ধরে বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সড়ক জনপদ বিভাগ পাঁচ টনের অধিক মালামাল পরিবহনে নিষেধ থাকলেও কার কথা কে শুনে, এমনটাই মনে করে ট্রাক ড্রাইভারগুলো। প্রতিদিন ২৫-৩০ টন মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করে আসছিল। গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার পথে পাথর বোঝাই একটি ট্রাকটি ব্রিজ ভেঙে পাশের খাদে পড়ে যায়। তার পর থেকে বান্দরবান জেলার সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বান্দরবান সড়ক জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পরেন্দ্র বিকাশ চাকমা বলেন, ব্রিজটি বান্দরবান-রাঙামাটি সড়কের যোগাযোগের প্রধান মাধ্যম। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজটি সংস্কারের কাজ সম্পন্ন হবে।

পূর্ববর্তী নিবন্ধমিথুন ও ওয়াহেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে খেলাঘরের বর্ণমালার মিছিল