ভাগ্যে মূল্যবান গুপ্তধন আছে এবং তা উদ্ধারের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার দায়ে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র্যাব। এক ভোক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার হালিশহরের বৌ বাজার এলাকা থেকে মো. ইব্রাহীম হোসেন প্রকাশ কবিরাজ ইব্রাহীম নামের ওই লোককে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কবিরাজ ইব্রাহিম হালিশহরের মধ্যম রাইপুরের বাসিন্দা। কখনো মানবাধিকার কর্মী, সাংবাদিক, আবার কখনো তান্ত্রিক পরিচয়ে স্বর্ণমুদ্রা, স্বর্ণের ঘটি-বাটিসহ বিভিন্ন জিনিস দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এক ভোক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে কবিরাজ ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। ভোক্তভোগীর মানসিক বিকারগ্রস্ত ছোট ভাইয়ের চিকিৎসার জন্য গেলে কিছু তাবিজ ও পানি পড়া দেয়া হয় এবং ভাগ্যে বহু মূল্যবান গুপ্তধন আছে বলে মোট ৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন কবিরাজ ইব্রাহীম। মূল্যবান গুপ্তধনের লোভ দেখিয়ে এবং তা উদ্ধার করে দিতে পারবেন এমন প্রতিশ্রুতি দিয়ে নানা সময়ে তিনি এ টাকা হাতিয়ে নেন।
তিনি আরও বলেন, মূল্যবান গুপ্তধনের দেখা না পেয়ে ভিকটিম ও তার পরিবার কবিরাজের বাসায় গিয়ে হাতিয়ে নেয়া টাকা ফেরত চাইলে কবিরাজ তাদের বেঁধে রাখার জন্য লোকজন ডাকে এবং তাদেরকে আধ্যাত্বিক ক্ষমতা দিয়ে ধ্বংস করবে বলে হুমকি প্রদান করেন। র্যাব-৭ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে কবিরাজ ইব্রাহিম স্বীকার করে প্রতারণার মাধ্যমে সে মানুষকে তাবিজ, পানি পড়া দেওয়াসহ বিভিন্ন কৌশলে অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়া নেয়।












