চীনের বিপক্ষে যে দৃষ্টিনন্দন ফুটবল খেলেছিল বাংলাদেশ দল, তুলনায় তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ম্যাচে তারা ছিল কিছুটা মলিন। এ ম্যাচে বাংলাদেশ কোনো আক্রমণই শাণাতে পারেনি। এ নিয়ে প্রশ্ন করতেই একটু যেন উষ্মা ঝরল বাংলাদেশ কোচের কণ্ঠে। তবে বাটলারও মেনে নিলেন, উত্তর কোরিয়া, চীন বা অস্ট্রেলিয়ার মানের বিরুদ্ধে খেলার মতো যথেষ্ট ভালো ছিল না তার দল। সংবাদ সম্মেলনে অবশ্য এই হারে ‘লজ্জার কিছু’ না দেখার কথাই বললেন বাটলার। ‘আজ আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। সম্ভবত এশীয় ফুটবলের অন্যতম সেরা, যদি সেরা নাও হয়। আমরা সত্যিকারের ফুটবলের শিক্ষা পেয়েছি। টেকনিক ও টেকনিক্যাল সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়া আজ আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং ৫–০, ৬–০ বা ৭–০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়। আমি মেয়েদের সমালোচনা করতে পারি না, কারণ, আমরা সেই স্তরে নেই এবং আমাদের নিজেদের কাছে সৎ হতে হবে। আমি মেয়েদের প্রচেষ্টায় এবং তারা যা করেছে তার জন্য গর্বিত। তারা একঝাঁক চমৎকার মেয়ে, কিন্তু আপনি যদি উত্তর কোরিয়ার প্রোফাইল দেখেন–তাদের সামর্থ্য, কৌশল এবং শারীরিক উপস্থিতি–আমরা তাদের আটকাতে পারছিলাম না। এটি একটি সম্পূর্ণ অসম লড়াই ছিল। দুর্ভাগ্যবশত, আমার মনে হয়েছে আমাদের কিছু মেয়ে রোদে নুয়ে পড়েছিল এবং আমরা আসলে নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি। কিন্তু এমন একটি সত্যিই ভালো দলের কাছে হার লজ্জার কিছু নয়।’ ‘আজ আমরা কেবল আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি দলের সাথে খেলেছি, যারা অন্য গ্রহের। আমাদের অনেক কিছু শেখার আছে। আজ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের পারফরম্যান্স হতাশাজনক ছিল। কিন্তু আমি এই গ্রুপের অংশ হতে লজ্জিত বা অপমানিত বোধ করি না; কারণ, তারা অস্ট্রেলিয়া, কোরিয়া বা জাপানকেও হারিয়ে দিতে পারে। আজ আমরা কেবল পিছিয়ে ছিলাম, উত্তর কোরিয়া, চীন বা অস্ট্রেলিয়ার মানের বিরুদ্ধে খেলার মতো যথেষ্ট ভালো আমরা ছিলাম না।’ ‘এই দলটির গড় বয়স সাড়ে ১৯ বছর, আর প্রতিপক্ষের গড় বয়স ২৩–২৪ বছর। তাই আমরা একটি ভিন্ন শক্তির বিরুদ্ধে লড়ছি। আমরা আবার লড়াই করব হাসিমুখে এবং আমাদের সেরাটা দেব। যদি সেটা যথেষ্ট হয়, তবে ভালো, আর না হলে জীবন তার গতিতে চলবে।’ আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি হবে পার্থে। শনিবার পার্থের উদ্দেশে রওনা দেবে দল। চীন ও উত্তর কোরিয়া ম্যাচের শিক্ষা উজবেকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চান বাটলার।












