বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নিজ ঘরে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার আহমদ হোসেন কিসিঞ্জারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এ বাড়ির মৃত আবুল কাসেমের অসুস্থ স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগম একাই থাকতেন জীর্ন এ কুটিরে। শনিবার বিকেলে অজ্ঞাতসারে আগুন লাগে তার কুটিরে। বৃদ্ধার ঘরটিতে হঠাৎ আগুন জলতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা বৃদ্ধাকে জীবন্ত উদ্ধারে সম্ভব হয়নি। জানতে চাইলে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত আবদুল্লাহ আল মামুন আজাদীকে বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুইটি কাঁচা কক্ষ পুড়ে গেছে। সাথে বৃদ্ধা মহিলাটিও। তাদের ধারণা রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে। স্থানীয় পৌর কাউন্সিলর ঈসমাইল হোসেন আবু বলেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত বৃদ্ধা ফাতেমা বেগম স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন তার এ ঘরে। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় অগ্নিকাণ্ডের লেলিহান শিখা থেকে হয়ত নিজেকে রক্ষা করতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গিয়াস বারৈয়ারহাটে রেজাউল রাউজানে জমির ও রাঙ্গুনিয়ায় শাহজাহান