বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান বরাবরই ঈর্ষণীয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য কৃতী খেলোয়াড়, কোচ, সংগঠক এবং ক্রীড়া প্রশাসক গড়ে তোলার ঐতিহ্য রয়েছে দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এই বিদ্যাপীঠের। এবার সেই ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। দেশের বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠক বিভিন্ন দায়িত্ব লাভ করেছেন। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এনে দিয়েছে এক অনন্য গৌরব। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এত সংখ্যক সাবেক শিক্ষার্থী একযোগে জাতীয় ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এটি দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্রীড়া আন্দোলনের ইতিহাসেও একটি ব্যতিক্রমী ঘটনা। এই অসাধারণ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানানোর পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি দীর্ঘদিন পর আবারও বিসিবির পরিচালনা পর্ষদে ফিরে এলেন। বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সহ–সভাপতি হয়েছেন সাবেক চাকসু ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাদল। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ–সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ–পরিচালক মোহাম্মদ শোয়াইব। একই ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও চবি ভলিবল দলের সাবেক অধিনায়ক আবদুল মমিন সাদ্দাম। এছাড়া বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছেন বজলুর রশিদ এবং সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক স্বর্ণপদকজয়ী জিমন্যাস্ট আবুল কালাম আজাদ। জুডো ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বেগম নাসরিন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কোষাধ্যক্ষ হয়েছেন আন্তঃবিশ্ববিদ্যালয় স্বর্ণপদকজয়ী অ্যাথলেট নাসিরুল হক। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শক্তিরাণী মন্ডল। রাগবি ফেডারেশনের সদস্য হয়েছেন গিয়াসউদ্দিন বাবর, আর্চারি ফেডারেশনের সদস্য সাইফুল্লাহ মনির, খো খো ফেডারেশনের সদস্য শরিফুল হক, সাইক্লিং ফেডারেশনের সদস্য নাসরিন পপি, ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য রুপালী খাতুন, বক্সিং ফেডারেশনের সদস্য মোনাইবুর রহমান এবং তায়কোয়ান্দো ফেডারেশনের কোষাধ্যক্ষ হয়েছেন মেহেদী হাসান। এই দায়িত্বপ্রাপ্তদের অধিকাংশই শুধু দক্ষ ক্রীড়া সংগঠক নন, তাঁরা একসময় জাতীয় পর্যায়ের কৃতী খেলোয়াড় হিসেবেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। একই প্রতিষ্ঠানের এত বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকের জাতীয় ক্রীড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব লাভ প্রমাণ করে, এই বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার নয়, নেতৃত্ব, দক্ষতা এবং ক্রীড়া উৎকর্ষেরও এক নির্ভরযোগ্য ঠিকানা।











