বিদ্যুৎ সংকটে চবির সব কার্যক্রম স্থগিত

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

চলমান বিদ্যুৎ সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের কার্যক্রম আজ ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরের দিকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো। অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নীতি মেনে নেয়া হয়েছে।

এর আগে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে আরো ৪৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটিতে এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত