চট্টগ্রাম কাস্টম হাউসে সার্ভারের ত্রুটির কারণে প্রায় সময়ই শুল্কায়ন কার্যক্রম ধীরগতির অভিযোগ করতেন সেবাগ্রহীতারা। এবার সার্ভারের ত্রুটি না থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল ব্যাহত হয়েছে শুল্কায়ন কার্যক্রম। বিদ্যুৎ চলে গেলে অন্য সময় জেনারেটর দিয়ে কাজ চলতো কাস্টমসে। তবে কাস্টমসের জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় পুরো কাস্টমসে ভূতুড়ে পরিস্থিতি দেখা দেয়। ৫ টার পরে বিদ্যুৎ আসলেও সেবাগ্রহীতারা ছিলেন না। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রিগ্যান দৈনিক আজাদীকে বলেন, আজ (গতকাল) কাস্টমসে বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা বিল অব এন্ট্রি দাখিল করতে পারিনি। কাস্টমসের জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, গত শনিবার দিবাগত রাত ৩ টা থেকে বিদ্যুৎ ছিল না। সকাল ৯টা পর্যন্ত জেনারেটর ব্যাকআপ দেয়। তারপর বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে ছিল। বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।










