চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোয় অগ্নিকাণ্ডজনিত কারণে সৃষ্ট ট্র্যাজিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে চেম্বার সভাপতি এক বিবৃতিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ কর্মীসহ নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। যারা আহত হয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানান। দ্রুততার সাথে চিকিৎসা সেবায় নিয়োজিত হওয়ায় চমেক হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, বেসরকারি ক্লিনিক ও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাধারণ মানুষ, ছাত্র সমাজ, ব্যবসায়ী ও পেশাজীবী, বিভিন্ন সংগঠনের প্রতিও আর্তদের সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
চেম্বার সভাপতি আরো বলেন, এই দুর্ঘটনা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ক্ষতিই নয়, এটি আমাদের চলমান সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, রপ্তানি খাতের বহুমূখীকরণ ও অর্থনৈতিক অগ্রগতিতে একটি অনাকাঙ্ক্ষিত ধাক্কা বলে মনে করি। এই বিস্ফোরণ ব্যবসায়ী সমাজের মনে বিভিন্ন উদ্বেগ ও আশংকার সৃষ্টি করেছে, যা গভীর অনুসন্ধানপূর্বক সুষ্ঠু তদন্তের দাবি রাখে।
এ অবস্থায় দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০৪১ যাতে কোনো অবস্থায় লক্ষ্যচ্যুত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবসায়ীসহ সকল মহলের প্রতি আহ্বান জানান। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ ঘোষিত আার্থিক অনুদান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রকৃত ওয়ারিশ বা প্রতিনিধি যাচাই-বাছাই করে দ্রুত ও সুষ্ঠু বন্টনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান চেম্বার সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।














