বিএনপি যতই তালবাহানা করুক না কেন নির্বাচনে আসতে হবে

পাহাড়তলীতে গণসংযোগকালে হাসিনা মহিউদ্দিন

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, বিএনপি ও তার কথিত মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে যতই তালবাহানা করুক না কেন তাদেরকে শেষ পর্যন্ত নির্বাচনে আসতে হবে। বিশ্ব সম্প্রদায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক আগেই বলেছেন, নির্বাচন সংবিধান সম্মতভাবে স্বাধীন কমিশনের অবাধ ও সুষ্ঠু হবে।

তবে বিএনপি নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের যে ধোঁয়া তুলছে তাতে বিশ্ব সম্প্রদায় সায় দেয় নি। সুতরাং বিএনপির নির্বাচনে না আসার কোন উপায় নেই। গতকাল বুধবার ১৩নং পাহাড়তলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ওয়্যারলেস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নারী সমাবেশ ও জনসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে আমার সাধ্যমত রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী এলাকাবাসীকে সেবা দিতে বদ্ধপরিকর।

আমার নির্বাচনী এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে অবকাঠামোগত উন্নয়নসহ জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট থাকবো। একজন রাজপথের রাজনৈতিক কর্মী হিসেবে আমি মানুষের আশা আকাঙ্ক্ষার কথা জানি। একারণে আমি আমার সম্মানিত ভোটারদের কাছে দায়বদ্ধ। রুমানা আক্তার চৌধুরীর সভাপতিত্বে রোকেয়া আক্তার রুকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ, মালেকা চৌধুরী, কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী, লাভলী বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধটরন্টোতে ১৭তম বইমেলা