বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, দুপুরে উনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, আজ রোববার জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামে তার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। খবর বিডিনিউজের।
এর আগে গতকাল শনিবার আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হয়। আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। আব্দুল কুদ্দসের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী আলাদা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।














