বাবুই পাখির বাসা ভাঙায় কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ফসলি জমি রক্ষার অজুহাতে বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে ফেলায় বাছা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর তিনটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভট্টের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া ওই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই দণ্ড দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে ফেলা বাসাগুলোর ভেতরে পাখির ছোট ছোট ছানা ছিল। অপরাধ স্বীকার করে ওই ব্যক্তি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী-পেকুয়ার অনেকে নিখোঁজ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামী গ্রেপ্তার