আনোয়ারায় গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় লিলি আকতার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত স্বামী মো. মহিউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করে।

জানা যায়, গৃহবধূ লিলি আকতার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্‌ বাড়ি এলাকার মৃত কামাল উদ্দিন শাহর মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

নিহতের ছোট ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন শাহ বলেন, ৯ বছর আগে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি, স্বামী ও ননদ লিলিকে নির্যাতন করত। বোনের সুখের কথা চিন্তা করে আমরা তাকে সান্ত্বনা দিতাম। তারপরও শাশুড়ি ও ননদের নির্যাতন থামেনি। নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায়ই আমার বোন আমাদের বাড়িতে চলে আসত। গত সোমবার রাতে স্বামী মহিউদ্দিনসহ আসামিরা আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে হত্যা করে।

তবে অভিযুক্ত স্বামী মহিউদ্দিনের পরিবার নির্যাতন করে হত্যার অভিযোগ অস্বীকার করেছে।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ আল নোমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী মো. মহিউদ্দিনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাবুই পাখির বাসা ভাঙায় কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা