সীতাকুণ্ডে বাইকের পেছনে বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় অভিজিৎ দাশ (৩১) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন শাহেদুল ইসলাম (২৮) ও শান্তনু বিশ্বাস (২৯) নামে আরো দুই আরোহী। গত শনিবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কদম রসূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভিজিৎ ফটিকছড়ির রোসাংগিরি এলাকার অঞ্জন দাশের পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, রাতে মহাসড়কে কদম রসূল এলাকায় চট্টগ্রামমুখী ওই মোটরসাইকেলটিকে বেপরোয়া গতিতে আসা একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিৎ দাশের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক শান্তনু বিশ্বাস ও তার পেছনে থাকা আরোহী শাহেদুল ইসলাম। দুর্ঘটনা পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি খোকন চন্দ্র ঘোষ আরও জানান, দুর্ঘটনা পরবর্তীতে অজ্ঞাত গাড়ি চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। নিহতের মৃতদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।














