মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ এইচপি দল ও মালয়েশিয়ার প্রথম টি–টোয়েন্টি ম্যাচ। ম্যাচের আগে গতকাল সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ সোহেল ইসলাম। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, টি–টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই, ‘আমরা সবসময় একটা কথা বলি, টি–টোয়েন্টিতে বড়–ছোট দল বলে কিছু নেই। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেভাবে অন্য সিরিজের প্রস্তুতি নিই, এই সিরিজের জন্যও সেভাবেই প্রস্তুতি নিয়েছি। মাঠে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।’এদিকে স্কোয়াডে জায়গা করে নেয়া সাব্বির রহমানকে নিয়ে কথা বলেন তিনি। তাঁর মতে, শুধু ক্রিকেটীয় দক্ষতায় নয়, মানসিকতা, পেশাদারিত্ব ও জীবনযাপন–সব দিক থেকেই আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছেন সাব্বির। সাব্বিরের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘স্কিল বা মানসিকতার উন্নতি তো আছেই। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ওর ম্যাচিউরিটি অনেক বেড়েছে। আগে কীভাবে ভাবত জানি না, কিন্তু এখন খেলা নিয়ে ওর চিন্তাভাবনা অনেক পরিণত। এটা ওর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে। এখনও ওর অনেক কিছু করার আছে এবং সেই ইচ্ছাও ওর মধ্যে আছে। পারফর্ম করে আবার জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার ক্ষুধাটা স্পষ্ট।’ সোহেলের মতে, পরিবর্তনটা শুধু মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নয়, ‘আমি শুধু স্কিল বা ফিটনেসের কথা বলছি না। পেশাদারিত্ব, লাইফস্টাইল, এমনকি কমিউনিকেশন–যেখানে আগে কিছু সমস্যা ছিল, সেসব জায়গাতেও ও অনেক বেশি পরিণত হয়েছে।’ শুধু তাই নয় এখন সমালোচনা গ্রহণের মানসিকতাতেও উন্নতি হয়েছে সাব্বিরের বলে মনে করেন এই কোচ, ‘সমালোচনা কীভাবে নিতে হয়, সেই জায়গায় ও আগের চেয়ে অনেক ভালো। শেখার আগ্রহ আগে থেকেই ছিল, এখনো আছে। এতদিন পর ফিরে এসেও নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছে। আমরা তাকে সাহায্য করছি।’











