বাংলাদেশে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল রোববার ঢাকা পাকিস্তান হাই কমিশনের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বলেছেন, এই কঠিন সময়ে দৃঢ়ভাবে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি এবং আহতদের আরোগ্য ও ক্ষতিগ্রস্ত সবার মঙ্গলের প্রার্থনাও তিনি করেছেন।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, ঢল, বন্যা ও পাহাড় ধসে গতকাল রোববার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোববার দুপুরের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত সাত জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জনে। খবর বিডিনিউজের।
অপরদিকে মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ এ পোস্ট করা শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে তীব্র বন্যা ও ভূমিধসে মর্মান্তিক প্রাণক্ষয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীরভাবে দুঃখিত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি অবিচল সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা এবং আক্রান্ত সবার নিরাপত্তার প্রার্থনা করছি।










