দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেট অধিবেশন। গতকাল রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। তিনি বলেন, আগামী ৮ আগস্ট চবির ৩৬তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট পেশ করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন উপাচার্য। খবর বাংলানিউজের।
এর আগে, সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে। তবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন–১৯৭৩ অনুযায়ী, বছরে অন্তত একবার সিনেট সভা আয়োজনের বিধান থাকলেও, পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা দুই উপাচার্য এই বিধান অনুযায়ী সিনেট অধিবেশনের আয়োজন করে যেতে পারেননি।
১৯৭৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনের ২৩ নং ধারার (১) উপধারায় বলা হয়েছে উপাচার্য কর্তৃক নির্ধারিত তারিখে সিনেট বছরে ন্যূনতম একবার সভায় মিলিত হবে। সে সভা সিনেটের বার্ষিক সভা নামে অভিহিত হবে। একই আইন অনুযায়ী সিনেটের ক্ষমতা ও দায়িত্বের মধ্যে রয়েছে সিনেট (ক) সিন্ডিকেটের প্রস্তাবক্রমে সংবিধিগুলোকে সংশোধন এবং অনুমোদন করবে। (খ) সিন্ডিকেট কর্তৃক উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব–নিকাশ এবং আর্থিক প্রাক্কলন বিবেচনা ও অনুমোদন করবে এবং (গ) এই আইন বা সংবিধি অনুসারে এর ওপর অর্পিত ও আরোপিত অন্য যে কোনো ক্ষমতা প্রয়োগ এবং অন্যান্য দায়িত্ব পালন করবে। তবে, গত তিন বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেট সভা অনুষ্ঠিত না হওয়ায় এসব বিষয়ে সিনেটের আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ সম্ভব হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটে ১২টি ক্যাটাগরিতে মোট ১০২ জন সদস্যের পদ রয়েছে। এর মধ্যে রয়েছেন উপাচার্য, দুই উপ–উপাচার্য, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, জাতীয় সংসদের স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য, আচার্য মনোনীত পাঁচজন শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা সংস্থার পাঁচজন প্রতিনিধি। অধিভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক অংশ হিসেবে স্বীকৃত কলেজসমূহ থেকে অ্যাকাডেমিক কাউন্সিল মনোনীত পাঁচজন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড–কুমিল্লার চেয়ারম্যান, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ সভায় নির্বাচিত ৩৩ জন শিক্ষক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি।











