বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ

শৈলীর জ্যোতির্ময় বঙ্গবন্ধু বইমেলার সেমিনারে ড. ইফতেখার

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শৈলী প্রকাশন আয়োজন করেছে ১৫ দিন ব্যাপি ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে উদ্বোধনী দিনের সেমিনারে সভাপতিত্ব করেন চবির প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মুহাম্মদ শামসুল হক। শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি সাংবাদিক হাফিজ রশিদ খান, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেন শৈলী প্রকাশনের উপদেষ্টা কবি সাংবাদিক রাশেদ রউফ। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, আবৃত্তি করেন পড়শী পাল।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন বাঙালি জাতির পথ প্রদর্শক। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।

সেমিনারের মূল প্রবন্ধকার মুহাম্মদ শামসুল হক বলেন, মনুষ্যত্ব তথা মানবতা বোধের ওপর সব সময় গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। মানুষের প্রতি অমানবিক কোনো আচরণ কিংবা অবহেলা দেখলে তিনি বিচলিত হয়ে পড়তেন। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য দলীয় কর্মী বা বিভিন্ন বিভাগের কর্মকর্তাকর্মচারীদের সাবধান করে দিতেন, আকুতি জানাতেন। বঙ্গবন্ধু মানুষের প্রতি সহানুভুতিশীল আচরণ এবং সেবার ক্ষেত্রে ধনীগরিব ভেদাভেদ না করার জন্য নির্দেশ দিতেন। ছাত্রদেরও সব সময় নৈতিক আদর্শে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

আজকের অনুষ্ঠান : আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলার দ্বিতীয় দিনের সেমিনারের বিষয় : বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা। এতে মূলপ্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক কানাই দাশ। সভাপতিত্ব করবেন অধ্যাপক ফাউজুল কবির। আলোচনায় অংশ নেবেন কবি কমলেশ দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল ও অধ্যাপক মুহাম্মদ ইসহাক। সূচনা বক্তব্য রাখবেন জাহাঙ্গীর মিঞা। কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি করবেন অরুণ শীল, আকতার হোসাইন, কামরুন ঋজু, বদরুননেসা সাজু, আজিজ রাহমান, আজিজ কাজল, অমিত বড়ুয়া, অনুপমা অপরাজিতা, অপু বড়ুয়া, আখতারুল ইসলাম, অপু চৌধুরী, গৌরীপ্রভা দাশ, পুষ্পিতা সেন, অভি ওসমান, রশীদ এনাম, অর্চনা রানী আচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ করতে হবে