ফুলকির ছোটদের বৈশাখী মেলার দ্বিতীয় দিনে গতকাল সোমবার বিকাল ৩টায় ফুলকির সামনে রাস্তায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ‘বৈশ্বিক যুদ্ধবিরোধী মানববন্ধন’ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুলকির ট্রাস্টের সভাপতি কবি সাংবাদিক আবুল মোমেন, সম্পাদক ওমর কায়সার ও সর্বাধ্যক্ষ শীলা মোমেনসহ ফুলকির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মানববন্ধনে সূচনা বক্তব্যে আবুল মোমেন বলেন ‘ বৈশ্বিক যে যুদ্ধ চলমান রয়েছে তা থেকে সবচেয়ে ক্ষতিগস্ত হচ্ছে আমাদের পৃথিবীর শিশুরা। যুদ্ধাহত শিশুদের আমরা দেখতে চাই না। আমরা শিশুদের জন্য নিরাপদ পৃথিবীর আয়োজন করতে চাই। একটি যুদ্ধের আয়োজনে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা দিয়ে পৃথিবীর সকল শিশুর শিক্ষার কয়েক বছরের ব্যয় নির্বাহ করা সম্ভব।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলকির শিক্ষার্থী সদ্য সদাব্রতী, অদ্বিতীয়া রাজন্যা, অনির্বান দাশ, শ্রীজিতা পাল ও ইরাবতী দাশ। সবশেষে সর্বাধ্যক্ষ শীলা মোমেন বলেন ‘ফুলকি পঞ্চাশ বছর ধরে শিশুদের নিয়ে কাজ করে চলেছে। আমরা চাই আমাদের শিশুরা পৃথিবীতে সবসময় নিরাপদে বেড়ে উঠুক’। অনুষ্ঠানের সঞ্চালক শারদ প্রত্যুষ বল সবশেষে মানববন্ধনে আগত শিশুদের নিয়ে শান্তির পক্ষে একটি শপথ বাক্য পাঠ করে মানববন্ধনের কার্যক্রম শেষ করেন।
বিকাল ৪ টায় ফুলকির সঙ্গীত শিক্ষার প্রকল্প তানসেনের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। শিল্পীরা রাগ ইমন, রাগ বিলাবল, তুমি যে সুরের আগুন, এসেছি তব দ্বারে, আমি মারের সাগর পাড়ি দেব, হারে রে রে রে রে, প্রজাপতি প্রজাপতি, দিনের বেলা বাঁশি, সোনা সোনা সোনা লোকে বলে, অম্বরে মেঘ ও চঞ্চল শ্যামল গানগুলো পরিবেশন করে। বিকাল ৫ টায় ফুলকির শাস্ত্রীয় নৃত্য চর্চা কেন্দ্র নৃত্যাঞ্জলির পরিবেশনা এবং সবশেষে জাদুশিল্পী রজীব বসাকের জাদু প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পাশাপাশি মেলার কার্যক্রম চলমান থাকে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আজ ১ বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৮:৩০টায় শুদ্ধ সঙ্গীত চর্চার সংগঠন রক্তকরবীর সঙ্গীত পরিবেশনা। এরপর সকাল ১০টায় ব্রতচারী পরিবেশনা। বেলা ১১ টায় ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের পরিবেশনা। বেলা ১২ টায় গল্পরাজ্যের পরিবেশনা ‘কুঁজ আর ভূত’। বেলা ৩:৩০ টায় চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৬:৩০টায় গল্পরাজ্যের পরিবেশনা ‘কুঁজ আর ভূত’। প্রেস বিজ্ঞপ্তি।









