নগরের পাঁচলাইশ এলাকায় পরিদর্শনে গিয়ে ফুটপাতে টং দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বেশ কয়েকটি টং দোকান উচ্ছেদও করেন তিনি। এছাড়া ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
গতকাল দুপুরে পাঁচলাইশের প্রবর্তক মোড় পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি বলেন, ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, নগরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। কেউ উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
মেয়র বলেন, নগরবাসীর স্বার্থে সিটি কর্পোরেশনের চলমান পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ কার্যক্রমে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা বা দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।













