গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায়, নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে বছরব্যাপী মানবকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার ফটিকছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। হাজিরখীল দায়রা শাখার আয়োজনে এ কর্মসূচিতে মোট ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদ।
মুহাম্মদ আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মুহাম্মদ মিসবাহ উদ্দীন, প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দীন, সংগঠনের জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, ব্লাড ডোনার্স গ্রুপের সহ–সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, ফটিকছড়ি উপজেলার সভাপতি এটিএম মুছা, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ হোসাইন রিফাত, ভুজপুর থানার সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাধারণ সম্পাদক হাফেজ হাসানুল করিম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ সাকিবসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে রমজান মাসে রোজার কারণে স্বেচ্ছায় রক্তদানের হার কমে যাওয়ায় দেশে রক্তের ঘাটতি দেখা দেয়। এই সময়ে সংগৃহীত রক্ত জরুরি অপারেশন, দুর্ঘটনাজনিত রোগী, প্রসূতি মা এবং থ্যালাসেমিয়াসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষভাবে সহায়ক হবে। গাউছুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষা সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবকল্যাণের চর্চা বিস্তারে অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শকে ধারণ করেই এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











