প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা নির্ধারনী সুপার ফোর পর্ব মাঠে গড়াচ্ছে আজ। শিরোপা প্রত্যাশী চারটি দল এই পর্বে জায়গা করে নিয়েছে। আবাহনী লিঃ, পাইরেটস অব চিটাগাং, ব্রাদার্স ইউনিয়ন এবং ফেওন্ডস ক্লাব জায়গা করে নিয়েছে সুপার ফোর পর্বে। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে পুর্ন পয়েন্ট নিয়ে সুপার ফোরে গেছে আবাহনী। লিগে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল আবাহনী। সুপার ফোর পর্বের প্রথম দিনেই মাঠে নামছে শিরোপা প্রত্যাশী আবাহনী। তাদের প্রতিপক্ষ আরেক শিরোপা প্রত্যাশী পাইরেটস অব চিটাগাং। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। পাইরেটস অব চিটাগাং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে। এক ম্যাচে হারের কারনে তিন পয়েন্ট পিছিয়ে থেকে আজ আাবাহনীর মুখোমুখি হবে পাইরেটস। দু দলই চেষ্টা করবে জয় দিয়ে সুপার ফোর পর্ব শুরু করতে। শক্তি সামর্থে দু দল প্রায় সমানে সমান। এখন ঢাকার ক্রিকেটারের উপর অনেকটা নির্ভর করছে দল গুলোর সাফল্য। যদিও ঢাকায় একাধিক ক্রিকেট লিগ শুরু হওয়ায় নিজেদের পছন্দের ক্রিকেটার পচ্ছেনা দলগুলো। তারপরও চেষ্টা করছে নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামতে। এদিকে আগামীকাল সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রেন্ডস ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। দুটি দলই গ্রুপ পর্বে একটি করে ম্যাচে হেরে সুপার ফোরা পর্বে গেছে। ব্রাদার্স গ্রুপ পর্বে হেরেছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের কাছে। যদিও গ্রুপ পর্ব শেষে ব্রাদার্স এবং ইস্পাহানীর পয়েন্ট ছিল সমান। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোরে জায়গা করে নেয় ব্রাদার্স। ইস্পাহানীকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে। আরেক দল ফ্রেন্ডস ক্লাব এক ম্যাচ হেরে সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে আবাহনীর কাছে লজ্জাজনকভাবে হেরেছিল ফ্রেন্ডস ক্লাব। তারপরও তারা জায়গা করে নেয় সুপার ফোর পর্বে। সুপার ফোর পর্বে জায়গা করে নেওয়া চারটি দলের মধ্যে কাগজে কলমে শক্তি আর সামর্থে কিছুটা হলেও পিছিয়ে ফ্রেন্ডস ক্লাব। কিন্তু মাঠের লড়া্‌ইয়ে তারা কাউকে ছাড় দেয়নি। সুপার ফোর পর্বেও অঘটন ঘটিয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকবেনা। লিগের সুপার ফোর পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। লিগ শেষ হবে আগামী ১৮ মার্চ আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধআর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক আন্তঃস্কুল টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা