চট্টগ্রাম–১২ পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে ও প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। শুধুমাত্র স্কুলের পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে নানা ধরনের বই পড়তে হবে। তিনি আরো বলেন, নিয়মানুবর্তিতা শিক্ষার্থীদের অন্যতম একটি গুণাবলী। তোমাদের পড়ার সময় পড়া এবং খেলাধুলার সময় খেলাধূলা করতে হবে। কোনভাবেই মাদকসহ সামাজিক অপরাধে জড়ানো যাবে না। শরীর মন ভালো রাখতে হলে পড়া লেখার পাশাপাশি খেলাধূলা করতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে তোমরাই দেশে নেতৃত্ব দিবে। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধেয় অতিথির বক্তব্যে এনামুল হক এমপি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা.এ.কে.এম. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সৌমেন বডুয়ার স্বাগত বক্তব্যের পর এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ক্ররড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কায়ছার চৌধুরী পিন্টু, অধ্যাপক দিলীপ বড়ুয়া চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দীপন কান্তি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া মোঃ রিয়াদ, আয়াজ মোঃ রকি, এয়াকুবদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য আবু বকর সুজনসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ.কে.এম. নাসির উদ্দীন এমপি এনামুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেন এবং এসএসসিসহ বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন এমপি এনামুল হক।









