পেকুয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে বালিশচাপায় হত্যার অভিযোগ

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌতুক না পেয়ে হুরে জান্নাত(২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বালিশচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ষাটদুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

জানা যায়, দেড় বছর আগে উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়া এলাকার নেজাম উদ্দিনের পুত্র মো. হৃদয়ের সাথে পেকুয়া সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার মৌলভী আবু বক্করের মেয়ে হুরে জন্নাতের বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে ৫ মাসের এক কন্যা সন্তান।

নিহতের বাবা মৌলভী আবু বক্কর বলেন, “ঘাতক হৃদয় দেড় বছর আগে আমার মেয়েকে তার ১ম স্ত্রীর কথা গোপন করে কৌশলে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী হৃদয় যৌতুকের জন্য আমার মেয়ে হুরে জান্নাতকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে। এ নিয়ে কয়েকবার মেয়ের শ্বশুরবাড়িতে স্থানীয়ভাবে সালিশি বৈঠকও হয়েছে। কিন্তু তাদের চাহিদামতো যৌতুক দিতে না পারায় আমার মেয়েরে ওপর নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ আমার মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার ঘাতক স্বামী।”

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, “খবর পেয়ে গৃহবধূ হুরে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার হুরে জান্নাতকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বাঁকখালী নদী থেকে অজ্ঞাত শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধটেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ