পিরিতি : মানবতা ও প্রকৃতির সেতুবন্ধন

সাইফ চৌধুরী | রবিবার , ১৭ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

পিরিতি মানুষের জীবনের এমন এক গভীর অনুভব, যা মানুষকে শুধু আবেগের ভেতর সীমাবদ্ধ রাখে না, বরং তাকে সত্যিকার অর্থে মানুষ হতে শেখায়। মানুষ জন্মের পর থেকেই সম্পর্কের ভেতর দিয়ে বড় হয়ে ওঠে। মায়ের স্নেহ, বাবার দায়িত্ব, পরিবারের মমতা, সমাজের সহানুভূতি এবং জাতির পরিচয় মিলেই মানুষের জীবন পূর্ণতা লাভ করে। এই সমগ্র সম্পর্কের ভেতরে যে অদৃশ্য শক্তি কাজ করে, তারই নাম পিরিতি। এটি কেবল ভালোবাসা নয়, এটি মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং আত্মিক সংযোগের এক গভীর প্রকাশ। পিরিতির প্রকৃত অর্থ অনেক বিস্তৃত। মানুষ প্রায়ই পিরিতিকে শুধু নারী পুরুষের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে দেখে। কিন্তু প্রকৃত অর্থে পিরিতি হলো মানুষের প্রতি মানুষের মমতা, অন্যের দুঃখে ব্যথিত হওয়া, অন্যের আনন্দে আনন্দ খুঁজে পাওয়া এবং সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হয়ে ওঠা। একজন মানুষ যখন নিজের স্বার্থের বাইরে অন্যের কল্যাণের কথা ভাবতে শেখে, তখন তার ভেতরে পিরিতির বিকাশ ঘটে। এই পিরিতিই মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে বৃহত্তর মানবতার পথে নিয়ে যায়।

বাংলার আধ্যাত্মিক সাধক লালন শাহ মানুষের ভেতরের এই মানবিক শক্তির কথাই গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি মানুষকে ভালোবাসার মধ্যেই জীবনের সত্য খুঁজে পেয়েছিলেন। তার দর্শনের মূল কথা ছিল, মানুষের প্রকৃত পরিচয় তার জাত, ধর্ম বা বাহ্যিক পরিচয়ে নয়, বরং তার মানবিকতা ও ভালোবাসায়। এই ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ পৃথিবীতে যত বিভাজন সৃষ্টি হয়েছে, তার অধিকাংশই মানুষের সংকীর্ণ চিন্তা থেকে জন্ম নিয়েছে। আর সেই বিভাজন দূর করার সবচেয়ে বড় শক্তি হলো পিরিতি।

একটি জাতির উন্নয়ন কেবল অর্থনীতি, প্রযুক্তি বা অবকাঠামোর উন্নতির মাধ্যমে সম্পূর্ণ হয় না। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং বিশ্বাস গড়ে ওঠে। সমাজে যদি বিদ্বেষ, হিংসা এবং অসহিষ্ণুতা বেড়ে যায়, তবে বাহ্যিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। পিরিতি জাতির ভিতকে শক্তিশালী করে। এটি মানুষের মধ্যে সংযোগ সৃষ্টি করে এবং ভেদাভেদ দূর করে। একটি জাতি তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন তার মানুষ একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে শেখে।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। মানুষ এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূতের মধ্যে যোগাযোগ করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনকে সহজ করেছে। কিন্তু এর পাশাপাশি এক ধরনের মানসিক দূরত্বও সৃষ্টি হয়েছে। মানুষ এখন বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল সম্পর্কের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। পরিবারে একসঙ্গে বসেও মানুষ একে অপরের সঙ্গে কথা বলার চেয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকে। ফলে সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। এই বাস্তবতায় পিরিতির গুরুত্ব আরও বেড়ে যায়। পিরিতি মানুষকে বাস্তবতার সঙ্গে যুক্ত রাখে। এটি মানুষকে শেখায়, সম্পর্কের সৌন্দর্য কেবল কথায় নয়, অনুভবে এবং আচরণে প্রকাশ পায়।

সমাজ গঠনের ক্ষেত্রে পিরিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক যখন ভালোবাসা দিয়ে শিক্ষা দেন, তখন শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, তারা মানবিক মূল্যবোধও শিখে। একজন চিকিৎসক যখন সহানুভূতির সঙ্গে রোগীর সেবা করেন, তখন সেই সেবা মানুষের মনে আস্থা তৈরি করে। একজন কৃষক যখন নিষ্ঠার সঙ্গে ফসল উৎপাদন করেন, তখন তিনি শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য কাজ করেন। একজন শ্রমিক, একজন লেখক, একজন শিল্পী কিংবা একজন সাধারণ মানুষ, সবার কাজের ভেতর যদি পিরিতির ছোঁয়া থাকে, তখন সমাজ সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে।

জাতীয় ঐক্যের ক্ষেত্রেও পিরিতির ভূমিকা অপরিসীম। একটি দেশে নানা ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ বসবাস করে। এই বৈচিত্র্য একটি জাতির সম্পদ। কিন্তু এই বৈচিত্র্য তখনই শক্তিতে পরিণত হয়, যখন তার ভেতরে পারস্পরিক সম্মান এবং ভালোবাসা থাকে। অন্যথায় তা বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাসে বহুবার দেখা গেছে, যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পেরেছে, তারা সব বাধা অতিক্রম করে এগিয়ে গেছে। মানুষের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস থাকলে জাতি দুর্বল হয় না। বরং সংকটের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন শক্তি অর্জন করে।

আমাদের দেশের ইতিহাসেও পিরিতির শক্তি গভীরভাবে প্রতিফলিত হয়েছে। স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ, দেশের প্রতি ভালোবাসা এবং সম্মিলিত সংগ্রাম একটি নতুন জাতির জন্ম দিয়েছে। সেই সময় মানুষ ব্যক্তিগত স্বার্থ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়েছিল। এই ভালোবাসা শুধু আবেগ ছিল না, এটি ছিল দায়িত্ববোধ এবং আত্মত্যাগের এক মহান উদাহরণ। তাই পিরিতি কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, এটি জাতীয় চেতনারও অংশ।

তবে বর্তমান সমাজে পিরিতির চর্চা নানা বাধার সম্মুখীন হচ্ছে। স্বার্থপরতা, প্রতিযোগিতা, হিংসা এবং অসহিষ্ণুতা মানুষের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। মানুষ এখন অনেক ক্ষেত্রে নিজের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ফলে সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মতভেদ অনেক সময় শত্রুতায় রূপ নিচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই ভালোবাসা, সহানুভূতি এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দিতে হবে। শুধু মুখে নয়, বাস্তব আচরণের মাধ্যমে তাদের মানবিক হতে শেখাতে হবে।

পিরিতি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত। মানুষ প্রকৃতির অংশ। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ অনেক সময় প্রকৃতিকে ভোগের বস্তু হিসেবে দেখতে শুরু করেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদী দূষিত হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে, প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি মানুষ প্রকৃতিকে সত্যিকারের ভালোবাসতে শিখত, তবে সে কখনও প্রকৃতিকে ধ্বংস করত না। প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া পিরিতিরই বহিঃপ্রকাশ। পরিবেশ রক্ষা কেবল দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ভালোবাসার প্রকাশ।

নৈতিকতার ক্ষেত্রেও পিরিতির গুরুত্ব অনেক গভীর। যে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও অর্জন করে। পিরিতি মানুষকে ন্যায়বোধ শেখায়। এটি মানুষকে সততা, দায়িত্ববোধ এবং মানবিকতার পথে পরিচালিত করে। একটি সমাজ তখনই উন্নত হয়, যখন তার মানুষ শুধু নিজের কথা চিন্তা না করে অন্যের অধিকার এবং কল্যাণ নিয়েও ভাবতে শেখে।

সাহিত্য, সংগীত এবং শিল্পকলার মধ্যেও পিরিতির বহুমাত্রিক প্রকাশ দেখা যায়। একটি কবিতা মানুষের হৃদয়কে স্পর্শ করে, একটি গান মানুষের ভেতরের অনুভূতিকে জাগিয়ে তোলে, একটি গল্প মানুষের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। এই সবকিছুর কেন্দ্রেই থাকে পিরিতি। সাহিত্য মানুষের হৃদয়কে কোমল করে এবং তাকে মানবিক হতে সাহায্য করে। একজন সাহিত্যিক যখন মানুষের দুঃখ, আনন্দ এবং সংগ্রামের কথা তুলে ধরেন, তখন তিনি মূলত মানবতার কথাই বলেন।

পিরিতি এমন এক শক্তি, যা মানুষকে একত্রে বেঁধে রাখে। এটি ব্যক্তি, সমাজ এবং জাতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। একই সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে গভীর করে তোলে। আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনে পিরিতির চর্চা করা। ছোট ছোট মানবিক কাজের মাধ্যমে, মানুষের পাশে দাঁড়িয়ে, প্রকৃতিকে ভালোবেসে এবং সত্য ও ন্যায়ের পথে চলেই পিরিতির প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব। তবেই আমরা গড়ে তুলতে পারব একটি মানবিক, সচেতন এবং শান্তিপূর্ণ সমাজ, যেখানে ভালোবাসা হবে উন্নতির ভিত্তি এবং মানবতা হবে মানুষের প্রধান পরিচয়।

লেখক: প্রাবন্ধিক ও সাংস্কৃতিক সংগঠক

পূর্ববর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের চারদিকে হিংসার চাষ হচ্ছে! এ সময়ে করণীয় কী!