পিংক বাসের ট্রলকারীদের ‘নিম্নশ্রেণির’ বললেন নিলয়

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া নির্ধারিত পিংক বাস নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনাসমালোচনা। বাসটির সেবা, রং ও ব্যবস্থাপনা নিয়ে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবার কেউ কেউ মেতে উঠেছেন নানা ধরনের হাসিঠাট্টা ও ট্রলে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

সামাজিকমাধ্যমে বরাবরই সরব নিলয়। অভিনয় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপডেটের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেছেন এই অভিনেতা। খবর বাংলানিউজের।

পোস্টে নিলয় লেখেন, পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এরপরই তিনি প্রশ্ন তোলেন, কিন্তু কারা করবে? নিজের প্রশ্নের উত্তরও দেন নিলয়। তার ভাষ্য, বাসের হেল্পার এবং ড্রাইভার।

তবে সব চালক ও সহকারীকে তিনি এমন মন্তব্যের আওতায় আনেননি। নিলয় লেখেন, সব ড্রাইভার আর হেল্পার না। খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন মানসিকতার হেল্পার, ড্রাইভার যারা।

সামাজিকমাধ্যমে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেনএমন প্রসঙ্গ টেনে নিলয় বলেন, ধরে নেন ঐগুলাই নিম্ন শ্রেণীর হেল্পার আর ড্রাইভার গুলা। নিলয়ের এই মন্তব্য ঘিরে এরই মধ্যে সামাজিকমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন, সমালোচনা করলেও নির্দিষ্ট শ্রেণি বা পেশার মানুষকে এভাবে উল্লেখ করা উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত উন্নতি তানজিদ ও হাসানের
পরবর্তী নিবন্ধসজল-ভাবনার নতুন সিনেমা ‘যাযাবর’