বান্দরবানের বাকিছড়ায় পাহাড়ের ঢালু পথ থেকে পড়ে মেমং মারমা (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি রোয়াংছড়ি উপজেলায়।
আইন–শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়ায় পাহাড়ের ঢালু পথে পায়ে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন মেমং মারমা। এ সময় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া পথ থেকে পা পিছলে ঝিরিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ–পরিদর্শক কারিমুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।














