পালাতে গিয়ে কাদায় আটকাল ছিনতাইকারী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এক ছিনতাইকারীর ডোবায় আটকে পড়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ ৫ ঘণ্টা ডোবায় থাকার পর ফায়ার সার্ভিসের একটি টিম ওই ছিনতাইকারীকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে। ডোবায় ৫ ঘণ্টা ধরে আটকে থাকা ছিনতাইকারী হলেনমো. রুবেল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ আটটি মামলা রয়েছে। পুলিশ জানায়, মাদকের একটি মামলায় রুবেলের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। পুলিশ তাকে ধরতে গেলে তিনি দৌড়ে প্রথমে একটি ভবনে উঠে পড়েন। এরপর সেখান থেকে তিনি পাশের ডোবায় লাফ দিলে কাদার মধ্যে আটকে পড়েন। উঠে আসার জন্য বলা হলেও তিনি আসছিলেন না। বরং একটি রামদা দিয়ে আত্মহত্যার হুমকি দেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, পরোয়ানামূলে গ্রেপ্তার করতে গেলে রুবেল ডোবায় লাফ দেন। সেখানে আটকে থাকা অবস্থায় হাতে থাকা একটি রামদা দিয়ে আত্মহত্যার হুমকিও দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ডোবা থেকে উদ্ধার করলে থানায় নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারের সময় বিপুল জ্বালানি তেল জব্দ