পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) হাতে নিয়েছে। আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফলাফল উপস্থাপন করব। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৮ দিন পর গতকাল শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে আসেন দীপেন দেওয়ান। দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে এসে পৌঁছলে তাকে ‘গার্ড অব অনার প্রদান’ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করা হবে। পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর দীপেন দেওয়ান রাঙামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলাপ্রশাসক নাজমা আশরাফী পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।












