পাকিস্তানে সংকট ঘনীভূত, সবার দৃষ্টি সুপ্রিম কোর্টে

আদালতে ইমরানের ভাগ্য নির্ধারণ আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানে অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধে বিরোধীদলগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য এখন ঝুলছে আদালতের সিদ্ধান্তের ওপর। তবে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক জোট একতরফাভাবে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ-পিটিআইয়ের কোর কমিটি সুপারিশ অনুযায়ী তিনি বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেন। গত রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তবে এত সহজে হার মানতে নারাজ বিরোধীরাও। রোববারেই তারা সুপ্রিম কোর্টে গেছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সব আবেদনকারীকে নোটিশ পাঠানো হয়েছে। সংসদ ভেঙে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব বাতিলের পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে যেসব পিটিশন দাখিল হয়েছে, তার শুনানি আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে আদালত।
সুপ্রিম কোর্ট সোমবারেই সিদ্ধান্ত জানাতে পারে বলে প্রথমে ধারণা করা হচ্ছিল। কিন্তু পরে তা মঙ্গলবার পর্যন্ত পেছানো হয়। ‘দ্য ডন’ পত্রিকা জানায়, এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর বান্দিয়াল বলেছিলেন, আদালত সোমবারেই একটি ‘যৌক্তিক সিদ্ধান্ত’ জানাতে পারে। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ আর্জি নেওয়ার পর একথা বলেছিলেন বান্দিয়াল। এদিন আদালতে শুনানি শুরুর পরই বিচারপতি আহসান অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া লঙ্ঘনের কথা উল্লেখ করেন।
শাহবাজকে প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের : বাংলানিউজের খবর থেকে জানা যায়, অনাস্থা প্রস্তাবকে পাশ কাটিয়ে ইমরান খান আপাতত তাঁর পদচ্যুতি ঠেকাতে পারলেও বিরোধী রাজনৈতিক জোট একতরফাভাবে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন। তাতে তিনি দাবি করেন, ১৯৭ জন এমপি পিএমএল-এনের আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন। এদিকে সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন। পার্লামেন্টে ইমরান খানের জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় এমপিরা।
তত্ত্বাবধায়ক সরকারের জন্য গুলজারের নাম প্রস্তাব ইমরানের : বিডিনিউজের খবর থেকে জানা যায়, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ-পিটিআইয়ের কোর কমিটি সুপারিশ অনুযায়ী তিনি বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেন। গতকাল সোমবার পিটিআই নেতা এবং সাবেক তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েই ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করেন। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু
পরবর্তী নিবন্ধনকল ধরায় শিক্ষককে হুমকি চবি ছাত্রলীগ নেতার