হাটহাজারীতে ডাম্প ট্রাক চাপা দিয়ে মো. ফয়সাল (৩৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের পুত্র। নিহত ফয়সাল কৃষকদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল জানান, প্রতিবেশী ডাম্প ট্রাক চালক মো. জুয়েলের কাছে টাকা পেত ফয়সাল। তিনি বেশ কিছু দিন থেকে তার প্রাপ্য টাকা দিতে জুয়েলকে চাপ দেন। কিন্তু জুয়েল টাকা দিতে গড়িমসি করতে থাকে। গতকাল রাতে ফয়সালকে রাস্তায় পেয়ে সুযোগ বুঝে ডাম্প ট্রাক দিয়ে চাপা দেয় জুয়েল। এতে মারাত্মক ভাবে আহত হয় ফয়সাল। উপস্থিত লোকজন আহত ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত জুয়েল ঘটনার পর পালিয়ে গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।














