কলেজের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুন হোসেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার। পথে ফটিকছড়ির নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এই কলেজছাত্র।
নিহত মামুন হোসেনের (১৮) বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায়। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী এবং মো. শাহ আলমের একমাত্র ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুন। পথে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও নাহিদ নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। আহত নাহিদ এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে মামুনের পরিবার।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজন মারা গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চট্টগ্রামেই সম্পন্ন হবে।












