চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় দুইটি অয়েল ট্যাংকারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ট্যাংকার দুইটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ও.টি কুরবান আলী শাহ নামের একটি অয়েল ট্যাংকার থেকে অবৈধভাবে মজুদ করা ডিজেল ও.টি সী স্টার নামের আরেকটি অয়েল ট্যাংকারে বিক্রির সময় হাতেনাতে জব্দ করা হয়।
তিনি জানান, এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় দুইটি অয়েল ট্যাংকার। অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ডিজেল, অয়েল ট্যাংকার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












