পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে পটিয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব। শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ১ উইকেটে কথা আজিমপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। টস জিতে কথা আজিমপুর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। পরে ১০৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ক্রিজে নেমে উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ব্যাটার তানভীর।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন কথা আজিমপুর ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক রাকিব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। পটিয়া ক্লাব ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা হাবিবুর রহমান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, বদরুল খায়ের চৌধুরী, তৌহিদুল আলম, অহিদুল আলম পিবলু, মো. ঈসমাইল হোসেন, সাজ্জাদুল আলম আলভী, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সদস্য বোরহান উদ্দীন, মু. ইসমাঈল হোসেন, মিশকাত আহমেদ, মো. হোসাইন প্রমুখ।











