পটিয়ায় গভীর রাতে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বিসিক শিল্প এলাকা, বাসাবাড়ি এবং একটি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়সহ পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বন্ধ হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে সংঘবদ্ধ চোরের দল এই ঘটনা ঘটায়।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের বিসিক শিল্প এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল প্রথমে বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারটি নিচে নামিয়ে আনে। এরপর ভেতরের মূল্যবান তামার তার ও তেল বের করে নিয়ে শুধু খোলসটি ফেলে রেখে পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা খুঁটিতে ট্রান্সফরমার না দেখে বিষয়টি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর ও থানা পুলিশকে জানায়।
পটিয়া ব্যাপটিস্ট চার্চের পুরোহিত প্রদীপ দে বলেন, হঠাৎ ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় আমরা চরম দুশ্চিন্তা ও বিদ্যুৎহীন অবস্থায় পড়েছি। বর্তমানে বিসিক শিল্প এলাকার অংশবিশেষ ও আশপাশের এলাকা পুরো অন্ধকারে রয়েছে। এলাকাটিতে রাতে পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।
পটিয়া বিসিক শিল্প নগরী কর্মকর্তা রমেশ চন্দ্র সনাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির কারণে বর্তমানে বিসিক শিল্পের কার্যালয়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস থেকে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য ৮৫ হাজার টাকা দাবি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সরোয়ার জাহান জানান, “ভুক্তভোগী গ্রাহকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত টাকা দাবি করলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমারের জন্য গ্রাহককে ৫০% অফিসকে দিতে হবে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, বিসিক শিল্প এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিসিক এলাকার সিকিউরিটির অবহেলা ছিল।
ছবির ক্যাপশন- ট্রান্সফরমার চুরির পর এভাবে পেলে যায় চোরের দল।












