পটিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৬) নামের এক তরুণ টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্ত পাড়া এলাকার একটি মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের পুত্র। সে পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিল।
জানা যায়, রবিবার সকাল থেকে দত্ত পাড়া এলাকার কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজ করছিল মিজানুর। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারাত্মক আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খরনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল করিম জানান, সকালে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ মিজানুর রহমান আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।












