পটিয়ায় জনতা উদ্ধার করলো ১৫শ’ লিটার চোলাই মদ

অটোরিক্সা ও মোটরসাইকেলসহ ৩ জন আটক

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

পটিয়ায় স্থানীয় জনতা উদ্ধার করলো ৩০টি বস্তায় রক্ষিত ১৫শ’ লিটার চোলাই মদ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি অটোরিঙা ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করে পটিয়া থানা পুলিশে দেয় তারা। গতকাল সোমবার সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন সোলেমান চৌধুরী বাড়ির এক বিধবা নারীর ঘর থেকে এ মাদকগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় জনতা পুলিশের সহায়তায় অভিযানে ৩০ বস্তা (১৫০০ লিটার) মদ উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিঙাসহ তিনজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় মুসল্লিরা দেখতে পান, বেশ কয়েকজন ব্যক্তি পিকআপ চালকের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কিতে জড়িয়েছে। সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে পিকআপে করে বান্দরবান থেকে বিপুল পরিমাণ মদ আনা হয়েছে বলে নিশ্চিত হন। পরে মুসল্লিরা গাড়িসহ সংশ্লিষ্টদের আটক করেন। পরে পটিয়া থানায় ফোন দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের দেয়া তথ্যমতে ঘটনাস্থল উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন সোলেমান চৌধুরী বাড়ির এক বিধবা নারীর ঘর থেকে ৩০ বস্তা মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া বাজালিয়া দক্ষিণ পাড়ার শাহা আলমের ছেলে শফিকুল ইসলাম (১৯), একই এলাকার ফোরক আহম্মদ চৌধুরীর ছেলে হামিদ চৌধুরী (২০), বান্দরবান সদর পুলপাড়ার সুধাংশু দে’র কৃষ্ণ দে (২২)। তবে এ ঘটনায় জড়িত স্থানীয় হরিনখাইন এলাকার ইউসুফের ছেলে মো. জাবেদ হোসেন (২৮), মনছুর আলমের স্ত্রী কামরুন নাহার (৩০) সহ অজ্ঞাতনামা আরও ২৩ জন দৌঁড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার ব্যাংকিং সংস্কার অব্যাহত রাখবে : গভর্নর
পরবর্তী নিবন্ধএজহারুল ইসলাম