পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে টানা বর্ষণ ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকের আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে মৃত গবাদি পশুর মালিক ও চাষিদের সহায়তা প্রদানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে ১৩ দফা দাবিসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নিকট স্মারকলিপি প্রদানকালে সংক্ষিপ্ত এক মতবিনিময়ে ইউএনও সর্বোচ্চ গুরুত্ব সহকারে স্মারকলিপির এই দাবি ও সুপারিশসমূহকে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পটিয়ার কৃষিক্ষেত্রে উদ্ভূদ সমস্যাসমূহ সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। উপজেলা মৎস্য অফিসারের দপ্তরে স্মারকলিপির অনুলিপি দেয়া হয়। শেষে পটিয়া উপজেলা চত্বরে কৃষকক্ষেতমজুরপান চাষিদের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি কৃষিবিদ শ্যামল কান্তি বিশ্বাস অবিলম্বে পটিয়ার কৃষিক্ষেত্রের সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং বন্যায় ক্ষতিগ্রস্থ আমনচাষি, সবজি চাষি, পানচাষি, মৎস্যচাষি ও গরুর খামারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির চট্টগ্রাম দক্ষিণ শাখার কার্যকরী সভাপতি প্রবীণ কৃষকনেতা কমরেড আবুল কালাম চাষি, ক্ষেতমজুর সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়া পানচাষি নেতা উজ্জ্বল চৌধুরী, রণজিত চৌধুরী, ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম সহ অনেক কৃষক, প্রান্তিক চাষি ও ক্ষেতমজুর উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়ম থাকবে না
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ ও এঙ্কর সিটির প্রথম যৌথ সভা