পটিয়ায় মধ্যরাতে ট্রাক-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বৃষ্টি ভেজা সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে, চালক-হেলপার আহত

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

পটিয়ায় মধ্যরাতে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই টেম্পো যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। তারা হলেন সাতকানিয়া উপজেলার ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)। গত সোমবার রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে। অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের বাইপাস রোড়ে গ্রিনলাইন পরিবহনের একটি বাস বৃষ্টি ভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে নেমে যায়। এতে গাড়ির চালক ও হেলপার সামান্য আঘাত প্রাপ্ত হয়।

পটিয়া হাইওয়ে থানার উপ–পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, রাত পৌনে ২টার দিকে পটিয়ার দিক থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী টেম্পোটি ভেল্লাপাড়া সেতুর কাছে আসে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একই সময় চট্টগ্রামের দিক থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত দুজনের পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, ঘটনার পর ট্রাক ও টেম্পো দুটি আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

অপরদিকে মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্রিনলাইন পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে নেমে যায়। তবে গাড়িতে কোনো যাত্রী ছিল না। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক তৌফিক বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিল না। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কঙবাজার থেকে শহরে ফিরছিল সেটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালি জমিতে নেমে যায়। এতে চালক ও হেল্পার সামান্য আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে মালিকপক্ষ নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধমামলার যুক্তিতর্ক শেষ, রায় ১০ জুলাই
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের মিছিলে ছুরি উঁচিয়ে তেড়ে যাওয়া সেই যুবক গ্রেপ্তার