নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে

চুয়েটে ইইই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে উপাচার্য

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, আজকের পৃথিবীতে শুধু ডিগ্রি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আজীবন শেখার মানসিকতা, গবেষণার আগ্রহ, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই যে নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, নিজেদের জ্ঞান যেন মানবকল্যাণে ব্যবহৃত হয়, প্রযুক্তি যেন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে, আর উদ্ভাবন যেন দেশের উন্নয়নকে এগিয়ে নেয়এই হোক তোমাদের অঙ্গীকার।

তিনি গত ১৭ জুলাই নগরীর একটি হোটেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। স্পীকার ছিলেন সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.নওশাদ আমিন। সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক আজমল আহমেদ। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিব্য জ্যোতি ঘোষ, বৃষ্টি পাল এবং আশরাফুল আলম তামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২৪ ও ২৫ জুলাই
পরবর্তী নিবন্ধচবি ব্যাচ ৩২ ক্লাবের নির্বাচন সম্পন্ন