নারীকে টেনে হিঁচড়ে মাইক্রোতে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর কোর্টহিলের প্রবেশ মুখে এক নারীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন তারই পরিবারের লোকজন। এসময় ওই নারী ‘যাব না, যাব না’ বলে চিৎকার করছিলেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী–পুরুষ ওই নারীকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু ওই নারী তাদের সাথে যেতে চাচ্ছিলেন না। বারবার ‘যাব না, যাব না’ বলে চিৎকার করছিলেন। এরপরও জোরপূর্বক তাকে মাইক্রোবাসটিতে তুলে নেওয়া হয়। তখন উৎসুক জনতাকে সেখানে ভিড় করতেও দেখা যায়। জানা গেছে, ওই নারী নিখোঁজ হয়েছেন দাবি করে তার পরিবারের পক্ষ থেকে ২ মাস আগে বাকলিয়া থানায় একটি জিডি করা হয়। জিডিটির তদন্তে দেখা যায়, ওই নারীর ২ বছর আগে বিয়ে হয়। তবে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ওই নারী চাচার বাসায় থাকছিলেন। অনেক বোঝানোর পরও তিনি পরিবারের সাথে যেতে রাজি হননি। আরো জানা গেছে, আজকে (গতকাল) ওই নারী আদালত পাড়ায় এসেছেন–এমন খবর পেয়ে তার পরিবারের লোকজন সেখানে আসেন। একপর্যায়ে তারা ওই নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই নারী বর্তমানে তাদের হেফাজতে আছেন। পরিবারটির লোকজনকে থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ট্রাক চাপায় বাইক আরোহী লোহাগাড়ার যুবক নিহত
পরবর্তী নিবন্ধ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক