নষ্ট তেল থেকে তৈরি হচ্ছিল লুব অয়েল

কর্ণফুলীতে কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীর জুলধা থেকে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার বিকেলে জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও ভোক্তা অধিদপ্তর সেখানে যৌথ অভিযান চালায়। অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল এবং উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এসব অপরাধে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ করা হয়। লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত সরঞ্জামাদির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ১১ মাসেই ছাড়াল চার বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধজামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ