নতুন মোটরসাইকেল কেনা হলো, বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

অনেক দিনের স্বপ্ন ছিল নতুন মোটরসাইকেল কেনার। সেই স্বপ্ন পূরণ করে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই তরুণ। কিন্তু শখের মোটরসাইকেলে প্রথম যাত্রাই হয়ে উঠল শেষ যাত্রা। মীরসরাইয়ে লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে দুই বন্ধু তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আলওমরের (১৯)

গত শুক্রবার রাত ১২টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। আব্দুল্লাহ আলওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন শুভ ও ওমর। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শুভ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতেন। শুক্রবার শুভ তার বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে নতুন মোটরসাইকেল কিনতে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধভাদ্র মাসে এত গরম কেন?
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু