নগরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহ সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : মেয়র

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিপ্লব উদ্যান, বধ্যভূমি, কালুরঘাট বেতার কেন্দ্র, জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত সকল গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা হবে। গত বৃহস্পতিবার সূর্যোদয়ের পর উত্তর কাট্টলীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এসব ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারলে জাতি হিসেবে আমরা দায়মুক্ত হতে পারব না।

মেয়র বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে আমরা কাজ করছি। তবে অনেক স্থাপনা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সমন্বয়ের অভাব রয়েছে। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সিটি কর্পোরেশনও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন একটি বড় বিষয়, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা আরো বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য হতে হবে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানামুখী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তোলার কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে আরো গতিশীল করবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

বিপ্লব উদ্যোনে মেয়রের পুষ্পস্তবক অর্পণ : বৃহস্পতিবার দুপুরে নগরের ২ নং গেট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুরুল আলম চৌধুরী মন্‌জু, আহ্বায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা এম আই চৌধুরী মামুন, জাকির হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও মারুফুল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমারা গেল ১০ বছরের স্নিগ্ধাও, পরিবারের কেউই বেঁচে রইল না
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে : প্রতিমন্ত্রী