চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২৬ বছর বয়সি অর্পিতা দাশ মারা যান। নিহত অর্পিতা নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার উনাকে আনা হয়েছিল। উনার শারীরিক অবস্থা খারাপ থাকায় আইসিইউতে রাখা হয়। গতকাল বিকালে তিনি মারা যান। উনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। উনি সন্তানসম্ভবা ছিলেন। মা মারা যাওয়াতে গর্ভে থাকা সন্তানটিও মারা গেছে।
গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হয়ে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার ৮ বছর বয়সি এক শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়। ওই শিশুর নাম আবরার। নগরীর হালিশহর এলাকার বাসিন্দা আবরার এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজের।
চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে চলতি মাসের প্রথম ১১ দিনে ৬ জনের মৃত্যু হলো। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। তবে গতকাল বিকালে দেওয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০ জনের কথা বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্পিতা দাশ নামের একজন প্রসূতি মারা গেছেন গতকাল। ডেথ রিভিউ প্রতিবেদন পাওয়ার সেটি আমরা তালিকায় উল্লেখ করব। সেটি আগামীকালের প্রতিবেদনে উল্লেখ করা হবে। আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০ জন।
এ বছর ডেঙ্গুতে মৃতের মধ্যে ৫ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু। চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে গতকাল ৬০ জন রোগী ভর্তি ছিলেন। জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে জেলায় নতুন করে ৭৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে আগস্ট মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১ হাজার ২০২ জন।












