নগরে গতকাল শনিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিন বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। বরং আগের দিনের (শুক্রবার) চেয়ে বেড়েছে।
গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য আজ রোববার বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূইঁয়া জানান, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস চট্টগ্রাম আভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ–সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে।











