নগরীর নিউমার্কেট এলাকায় অপহরণ ও বলাৎকারের শিকার ৮ম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এক শিশুকে চাঁদপুরের কচুয়া থানাধীন মেঘদাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণকারী ও ধর্ষককেও গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে স্থানীয়রা কান্নাকাটি করতে দেখে ভিকটিম শিশুটিকে উদ্ধার এবং ধর্ষককে আটক করে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক কোতোয়ালী থানা পুলিশ কচুয়া থানাকে বিষয়টি জানায়। এরপর কচুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমসহ ঘটনায় জড়িতকে থানায় নিয়ে যায়। ঘটনায় জড়িত ব্যক্তি হলেন– মামুনুর রশিদ। তিনি চাঁদপুরের কচুয়ার দক্ষিণ মেঘদাইল এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। নগরীর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন দৈনিক আজাদীকে বলেন, ভিকটিম শিশু কাউকে কিছু না বলে গত ২৪ মার্চ নগরীর আসকারদীঘির বাসা থেকে বের হয়ে নিউমার্কেট এলাকায় চলে যায়। সেখানে ধর্ষক মামুনুর রশিদ তাকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে সদরঘাটের একটি মেস বাসায় নিয়ে যায়। পরদিন ২৫ মার্চ বিকালে রিয়াজুদ্দিন বাজারের ইউনিক হোটেলে নিয়ে গিয়ে শিশুটিকে বলাৎকার করে। এরপর ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে চাঁদপুরের কচুয়ায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, কচুয়ার মেঘদাইল এলাকার লোকজন ভিকটিম শিশুকে কান্নাকাটি করতে দেখে হেফাজতে নেয়। পরে তারা ঘটনায় জড়িত মামুনুর রশিদকেও আটক করে। বিষয়টি স্থানীয়দের ফোনে ভিকটিম শিশু আমাদেরকে জানালে আমরা কচুয়া থানাকে বিষয়টি জানাই। পরে ভিকটিমের পিতাসহ আমাদের একটি টিম কচুয়ায় গিয়ে ভিকটিমসহ আসামিকে নিয়ে আসে। এ ঘটনায় মামুনুর রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে ভিকটিম শিশুর পিতা গতকাল একটি মামলা দায়ের করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আসামি মামুনুর রশিদকে আদালতে সোপর্দ করা হয়।












