চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে সিএনজি স্টেশন থেকে চুরি হওয়া নগদ ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধারসহ চোরচক্রের মূলহোতা মো. ইউনুছ রনিকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী মো. কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এতে তিনি উল্লেখ করেন, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময় চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে।
পরে স্টিলের আলমারির লকার ভেঙে ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা (নং-২৭, তারিখ ২৬/০৪/২০২৬) ধারা ৪৫৭/৩৮০) দায়ের করা হয়।
মামলার পর থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন ও এএসআই মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।
তাঁরা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রকে শনাক্ত করার চেষ্টা চালান।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার কবির টাওয়ারের পেছনে একটি ঝোপঝাড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা চুরি হওয়া ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানান উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।













