স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ফখরুল বলেন, ধর্মের নামে যারা দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে চায়, তাদের অবশ্যই রুখে দিতে হবে। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই।
গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। খবর বাসসের।
বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সমপ্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। জাতির মুক্তিসংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে ঐক্যের মূল আদর্শকে ভিত্তি করে।
গত ১৫ বছরের হাসিনা শাসনামলে গণতন্ত্রের অবক্ষয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব নাগরিকের সমান অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র নিশ্চয়তা হলো কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা।












